চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৪ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৫ পিএম
চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হচ্ছে ফ্লাওয়ার ফেস্ট ছবি: সংগৃহীত
বন্দর নগরী চট্টগ্রামে প্রথমবারের মতো ফ্লাওয়ার ফেস্ট শুরু হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি। জেলা প্রশাসনের উদ্যোগে আট দিনব্যাপী এ ফেস্ট চলবে সীতাকুণ্ডের মেরিন ড্রাইভ সড়কের ডিসি পার্কে।
এ প্রসঙ্গে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বলেন, ‘ব্যস্ততম নাগরিক জীবনে একটু প্রশান্তি পেতে এ ফ্লাওয়ার ফেস্ট আয়োজন করা হচ্ছে। শত শত বাহারি ফুল, গাছ, লতা-গুল্মের অপার সৌন্দর্যের ভিড়ে ফেস্টে মূল আকর্ষণ থাকছে চট্টগ্রামের মাটিতে প্রথমবারের মতো ফোটা টিউলিপ ফুল। এ ছাড়াও থাকছে কায়াকিং, ঘুড়ি উৎসব, বড়শি দিয়ে মাছ ধরার ব্যবস্থা। শিশুদের জন্য থাকছে কিডস জোন।’
সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে বন্দরের সংযোগ সড়ক পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের যেই স্থানে (১৯৪ একরের খাসজমি) এ ফেস্ট আয়োজন করা হচ্ছে, তা চট্টগ্রাম জেলা প্রশাসন গত ৪ জানুয়ারি উদ্ধার করে। পরে সেখানে ডিসি ফ্লাওয়ার পার্ক গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন ধরনের ফলদ ও বনজ গাছ রোপন করা হয়।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়ক মেরিন ড্রাইভ সংলগ্ন ডিসি পার্কটি একমাস আগেও ভূমিদস্যুদের দখলে ছিল। দোকানপাট, হোটেল-রেস্তোরাঁসহ নানা ধরনের শত শত অবৈধ স্থাপনায় সৌন্দর্য হারিয়েছিল সড়কটি। জায়গাটি উদ্ধার করা হয়েছে। এক মাসের ব্যবধানে সেখানে টিউলিপ ফুলসহ নানা প্রজাতির ফুল গাছ রোপন করা হয়েছে। এখন থেকে প্রতিবছরই এখানে ফুলের মেলা বসবে। উদ্ধার করা জমি ফের দখলের চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হবে। জেলা প্রশাসন এই বিষয়ে তৎপর রয়েছে।’