সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৫ পিএম
সাতক্ষীরার কালীগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ম্যাটস ও আইএইচটি’র শিক্ষার্থীরা। প্রবা ফটো
স্থায়ী শিক্ষক ও স্টাফ নিয়োগ, ফিল্ড ট্রেনিং চালুকরণসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরার কালীগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ম্যাটস ও আইএইচটি’র শিক্ষার্থীরা।
রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কে প্রায় দুইশ শিক্ষার্থী একত্রে জড়ো হয়ে এই বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে দাবি আদায়ের প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ তুলে নিয়ে মানববন্ধনে অংশ নেন।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হল- সকল শিক্ষার্থীর জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, কম্পিউটার ল্যাব স্থাপন ও ক্যাম্পাস সংস্কার করা।
বিক্ষোভে অংশ নেওয়া ম্যাটস’র তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাইম ইসলাম জানান, তাদের প্রতিষ্ঠানে স্থায়ী কোনো শিক্ষক নেই। দীর্ঘদিন এই ইনস্টিটিউট ভাড়া করা শিক্ষক দিয়ে চলছে। এছাড়া এখানে ঠিকমতো ক্লাস না হওয়াসহ মোট ৫টি দাবি আদায়ের লক্ষ্যে তারা মাঠে নেমেছেন।
আইএইচটির দ্বিতীয় বর্ষের ছাত্র সীমান্ত মন্ডল বলেন, প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় লোকবলসহ বিভিন্ন সরঞ্জামের অভাব রয়েছে। এ ছাড়া এখানে আবাসন সমস্যা প্রকট। শিক্ষার্থীদের থাকার জন্য ভালো জায়গা নেই।
এ ব্যাপারে কথা বলতে চাইলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইদ্রিস আলী মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রতিষ্ঠানটিতে বেশকিছু সমস্যা রয়েছে। আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করছি। এছাড়া পর্যাপ্ত অনুদান না পেলে আবাসিক সমস্যাসহ সরঞ্জামের ঘাটতি মেটানো সম্ভব নয়।
ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির প্রিন্সিপাল জিএম ফারুকুজ্জামান বলেন, আমরা শিক্ষার্থীদের দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছি। তবে তা বেশ সময়সাপেক্ষ ব্যাপার।