কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫১ পিএম
কুড়িগ্রামে দোকানে হামলা ও লুটপাট মামলার প্রধান আসামি আকাশ আহম্মেদসহ অন্যদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। প্রবা ফটো
কুড়িগ্রামে সমবায় মার্কেটে মোবাইলের দোকানে হামলা ও লুটপাট মামলার প্রধান আসামি আকাশ আহম্মেদসহ অন্যদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মার্কেটের সামনে কুড়িগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে দাদামোড়ে এলাকায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। এতে ঘন্টাখানেক সড়কে যান চলাচাল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে সমবায় মার্কেটের পাশে নুর আমিনের পানের দোকানে ছিলেন তার ভাগিনা শহিদুল ইসলাম। এ সময় পাঁচশ টাকা নোটের ভাংতি নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে তাকে মারধর করেন শহরের নিমবাগান এলাকার আকাশ আহম্মেদ। ফিরোজ টেলিকমের কর্মচারী সাগর ওরফে শিকদার এর প্রতিবাদ করেন।
পরে বিকালে আকাশ আরও ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে সাগরকে মারধর শুরু করে। দোকানে থাকা মালিকের ছোট ভাই সাদ্দাম হোসেন এগিয়ে আসলে তাকেও মারধর করে। এ সময় হামলাকারীরা ফিরোজ টেলিকমের ৮টি মোবাইলসহ ১০ হাজার টাকা নিয়ে যায়।
এ ঘটনায় দোকানের মালিক ফিরোজ আহম্মেদ বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় আকাশ আহম্মেদের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেন।
কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, ‘এ ঘটনায় মামলা হয়েছে। একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছি। ব্যবসায়ীদের শান্ত থাকতে বলেছি।’