ভোলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৩ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৫ পিএম
পথসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তোফায়েল আহমেদ। প্রবা ফটো
বর্তমান সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ বিএনপি ১০ দফা দাবিতে যে আন্দোলন করছে তা অবাস্তব ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। তিনি এও বলেছেন, বাংলাদেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার হবে না। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার কাচিয়ার পরানগঞ্জ, পাকার মাথা, ইলিশা জংশনসহ বেশ কয়েকটি স্থানে পথসভা করেছেন তোফায়েল আহমেদ। এ সময় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের কোনো সম্ভাবনা নেই। বিএনপির দাবি অবাস্তব, যার মূল্য নেই।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা ইতিহাসে বিরল। এ দেশ আন্তর্জাতিক বিশ্বে উন্নয়ন ও মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে। যে কারণে বিশ্বের মানুষ বাংলাদেশকে সম্মানের চোখে দেখে। তাই বাংলার ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।’
সম্প্রতি ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান মিলেছে। এ বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘ভোলায় পর্যপ্ত গ্যাস রয়েছে, যা সারা দেশে সরবরাহ হবে। এ জেলা হবে অর্থনৈতিক জোন।’
তোফায়েল আহমেদ পাঁচ দিনের সফরে তার নির্বাচনী এলাকা ভোলায় এসেছেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও পথসভার মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন।