পাবনা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২২ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৯ পিএম
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত রেদোয়ানুল ইসলাম রূপম। প্রবা ফটো
পাবনায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রেদোয়ানুল ইসলাম রূপম নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার টেবুনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রূপম পাবনা পৌর এলাকার গোপালপুরের শাহপাড়ার বাসিন্দা। তিনি ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী।
ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যান্যাল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রাতেই মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয়রা জানান, ঈশ্বরদী থেকে মোটরসাইকেলে ফেরার পথে রাত ৮টায় টেবুনিয়ায় পৌঁছালে অন্য দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী দুজন রাস্তায় পড়ে আহত হন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রূপমকে মৃত ঘোষণা করেন। অন্যজনের অবস্থাও গুরুতর, তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।