খুলনা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৪ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৩ পিএম
নিরব মণ্ডলের মায়ের আর্তনাদ। প্রবা ফটো
খুলনায় ভারতীয় টিভি সিরিয়াল ‘ক্রাইম প্যাট্রোল’ দেখে মোটা অঙ্কের মুক্তিপণের আশায় নিরব মণ্ডল নামে সপ্তম শ্রেণির এক ছাত্রকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নিরব গুটুদিয়া গ্রামের শেখর মণ্ডলের ছেলে।
এ ঘটনায় নিরবের পাঁচ সহপাঠীকে আটক করেছে পুলিশ। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, ভারতীয় সিরিয়াল ‘ক্রাইম প্যাট্রোল’ দেখে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর পাঁচ সহপাঠী নিরবকে বিদ্যালয়ের পেছনে একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। সেখানে চালানো হয় অমানবিক নির্যাতন। এরপর নিরবের বাবাকে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
সন্তানকে খুঁজে না পেয়ে নিরবের বাবা সেদিন বিকালে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধানে নামে পুলিশ। সন্দেহভাজন হিসেবে বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে রাত ১টার দিকে বিদ্যালয়ে অভিযান চালিয়ে নিরবের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি জানান, ভারতীয় সিরিয়াল দেখেই এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর মণ্ডল বলেন, ‘বৃহস্পতিবার ছুটির আগেই নিরব স্কুল থেকে বাড়ি চলে যাচ্ছিল। বাড়ি যাওয়ার কারণ জানতে চাইলে নিরব জানায় তার পেটে ব্যথা। কিন্তু আমরা তাকে বাড়ি যেতে দিইনি। দুটার দিকে স্কুল ছুটি হয়। পরে রাতে স্কুলের পেছনে একটি অব্যবহৃত ঘরের কক্ষ থেকে নিরবের মরদেহ উদ্ধার করা হয়।’