কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৪ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৭ পিএম
মরদেহ ডুবুরিরা খোঁজার সময় স্থানীয়দের ভিড়। প্রবা ফটো
কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে করতে গিয়ে হাসান নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজের চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসান কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার ওয়াজেদ আলী নূরানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। সে বটতৈল ইউনিয়নের রাশিদুল ইসলামের ছেলে।
দেলোয়ার হোসেন খাঁন জানান, শুক্রবারে বেলা সাড়ে ১১টার দিকে চার বন্ধু মিলে শহরের মঙ্গলবাড়ীয়া এলাকায় গড়াই নদীতে গোসলে যায়। এক পর্যায়ে সে গভীর পানিতে ডুবে যায়। তার বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন তাকে খুঁজে না পেলে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা।
ওসি বলেন, ‘ঘটনাস্থলে বিষয়টি তদন্ত করে দেখার জন্য কর্মকর্তা রয়েছেন। ওই মাদ্রাসা ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, ‘কুষ্টিায় নিজস্ব ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে স্থানীয় ডুবুরিদের সঙ্গে নিয়ে নিখোঁজের চার ঘন্টা পর ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।’