কক্সবাজার অফিস
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১২ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৬ এএম
ফাইল ছবি
কক্সবাজার শহরে ভাড়া বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় কক্সবাজার পৌরসভার পশ্চিম বাহারছড়া (ইসমাইল্ল্যা পাড়া) থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তরুণীর নাম নিশাত তাসনীম নিহা। তিনি আন্তর্জাতিক সংস্থা ইউএনডিপির কক্সবাজার শহরের কার্যালয়ে আইএসএস গার্ড কোম্পানির নিয়োজিত নিরাপত্তাকর্মী। তার বাড়ি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চা-বাগান এলাকায়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘রাতে কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়ায় স্থানীয় আব্দুল গফুরের ভাড়া বাসায় এক তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্যানের সঙ্গে ঝুলন্ত তরুণীকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। বাসাটির দরজা খোলা পাওয়া গেছে। ওই তরুণী দরজা খোলা রেখে আত্মহত্যা করেছেন নাকি কেউ খুন করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে পুলিশ নিশ্চিত নয়। ঘটনাটি পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করলেও তদন্তে সত্যতা বেরিয়ে আসবে।'
তিনি আরও বলেন, ‘নিহত তরুণীর সঙ্গে এক তরুণের প্রেম ছিল। সম্প্রতি তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে তরুণী আত্মহত্যা করে থাকতে পারেন।’
লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।