বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫২ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪২ পিএম
বুধবার গভীর রাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটক থেকে তাদের আটক করা হয়। প্রবা ফটো
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্ল্যান্ট) তামার তারসহ তিনজনকে আটক করেছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
বুধবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে কেন্দ্রের প্রধান ফটক থেকে তাদের আটক করা হয়। আটকদের কাছ থেকে ৯ কেজির বেশি তামার তার উদ্ধার করেন আনসার সদস্যরা।
গেল ১০ মাসে ৫২টি অভিযানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৫৮ লাখ ৬ হাজার ৩০০ টাকার চোরাই মালামাল উদ্ধার ও ৩৮ চোরাকারবারিকে আটক করেন আনসার সদস্যরা। এরপর তাদের পুলিশে সোপর্দ করা হয়।
আটক তিনজন হলেন খুলনা শহরের জিরো পয়েন্ট এলাকার আবু সোলেমান আকনের ছেলে মামুন আকন, নাঈম শেখের ছেলে বিল্লাল শেখ ও বাগেরহাটের রামপাল উপজেলা সদরের ইমন শেখের ছেলে ইমরান শেখ। এদের বয়স ২০ থেকে ২৩-এর মধ্যে।
আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, আটক চোরদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মালামালসহ তিন চোরকে পুলিশে সোপর্দ করা হবে।