নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৭:৩০ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১৮:০৩ পিএম
আমবাগান থেকে উদ্ধার করা ককটেল। প্রবা ফটো
নওগাঁর মান্দায় একটি আমবাগান থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া ডিবি উচ্চবিদ্যালয় এলাকার আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী প্রতিদিনের বাংলাদেশকে ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়রা সকালে ওই আমবাগানের ভেতর একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাগে জড়ানো অবস্থায় ১৮টি ককটেল উদ্ধার করে থানা হেফাজতে নেয়। ককটেলগুলো প্রাথমিকভাবে তাজা মনে হওয়ায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তারা এসে উদ্ধার ককটেলগুলো পরীক্ষা করবেন। তবে কী উদ্দেশ্যে এবং কারা ককটেলগুলো নিয়ে এসে আমবাগানে মজুত করেছিল তা নিয়ে তদন্ত করা হচ্ছে।
ওসি জানান, তবে ধারণা করা হচ্ছে, এলাকায় নাশকতার জন্যই দুর্বৃত্তরা সেখানে ককটেলগুলো মজুদ করে থাকতে পারে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।