নারায়ণগঞ্জ বার নির্বাচন
নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৬:৪৯ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১৭:১০ পিএম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ী আওয়ামী লীগপন্থি প্যানেল। প্রবা ফটো
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৩-২০২৪) কার্যকরী পরিষদ নির্বাচনে ১৭টি পদের মধ্যে ১৬ পদে জয় পেয়েছে আওয়ামী লীগপন্থি প্যানেল। এই প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোহসীন মিয়া। কমিটির বাকি একটি পদে জয় পেয়েছে বিএনপিপন্থি প্যানেল।
সোমবার (৩০ জানুয়ারী) রাত ১টায় প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী সামসুল ইসলাম ভূইয়া এ ফলাফল ঘোষণা করেন। আরও চারজন নির্বাচন কমিশনার ছিলেন আশরাফ হোসেন, আবদুর রহিম, মেরিনা বেগম ও সুখ চাঁদ সরকার।
জয়ের পর সভাপতি হাসান ফেরদৌস জুয়েল প্রতিক্রিয়ায় বলেন, ‘এই জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়। এই জয় বারের সব আইনজীবীদের। সব সময় সুখে-দুঃখে আপনাদের পাশে পেয়েছি।’
সাধারণ সম্পাদক মোহসিন মিয়া বলেন, ‘আওয়ামী লীগ প্যানেলের নবনির্বাচিত নেতৃবৃন্দ বারের উন্নয়নে সর্বদা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই বারকে স্মার্ট বার হিসেবে গড়ে তুলব।’
এর আগে সোমবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ১ হাজার ১৫১ জন। ভোট পড়েছে ১ হাজার ৮২টি। ভোটার অনুপস্থিত ছিলেন ৬৯ জন।
নির্বাচনে আওয়ামী লীগপন্থি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত (হাসান ফেরদৌস জুয়েল ও মুহাম্মদ মোহসীন মিয়া) এবং বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত (আহসান হাবীব শাহিন ও এইচ এম আনোয়ার প্রধান) প্যানেল থেলে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে বিজয়ী সভাপতি হাসান ফেরদৌস জুয়েল পেয়েছেন ৭৮৭ ভোট, জ্যেষ্ঠ সহসভাপতি আলাউদ্দিন আহমেদ পেয়েছেন ৭৩৫ ভোট, সহসভাপতি রবিউল আমিন রনি পেয়েছেন ৭৩৪ ভোট, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোহসীন মিয়া পেয়েছেন ৭৩৫ ভোট, যুগ্ম সম্পাদক কামাল হোসেন পেয়েছেন ৬০৬ ভোট , কোষাধ্যক্ষ মো. স্বপন ভূঁইয়া পেয়েছেন ৬৩৭ ভোট, আপ্যায়ন সম্পাদক অঞ্জন কুমার দাস পেয়েছেন ৬৬৫ ভোট, লাইব্রেরি সম্পাদক মো. এরশাদুজ্জামান ইমন পেয়েছেন ৫৮৬ ভোট, ক্রীড়া সম্পাদক আব্দুল মান্নান পেয়েছেন ৫৫১ ভোট, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রাজিয়া আমিন কাঞ্চি পেয়েছেন ৬৩৪ ভোট, সমাজসেবা সম্পাদক মানজুদুল রশিদ রিফাত পেয়েছেন ৬০৭ ভোট এবং আইন ও মানবাধিকার সম্পাদক দেলোয়ার হোসেন সুজন প্রধান পেয়েছেন ৬৪৬ ভোট।
এ ছাড়া কার্যকরী সদস্য আলী আকবর পেয়েছেন ৬৭৯ ভোট, নারায়ণ চন্দ্র সাহা পেয়েছেন ৫৮৬ ভোট, হালিমা আক্তার পেয়েছেন ৫৪৫ ভোট, নুরী নাজমুল আমিন ৫২০ পেয়েছেন ভোট। বিএনপিপন্থি প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে আদনান মোল্লা ৫৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।