গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১০:২৬ এএম
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় তাকওয়া পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবাব রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত দেলোয়ার মন্ডল (৪৫) কুড়িগ্রাম উলিপুর থানার রসুলপুর গ্রামের আশেক নুর মন্ডলের ছেলে। তিনি কোনাবাড়ি বাইমাইলের নাজমুলের বাড়ির ভাড়াটিয়া।
তার মৃত্যুর বিষয়টি মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ।
তিনি বলেন, গতকাল রাতে কোনাবাড়ী থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর চলন্ত গাড়ি থেকে নামার সময় পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন দোলোয়ার। পরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ওই ঘটনায় গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।