সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১৮:১২ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩ ২১:৫২ পিএম
স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার দুজন। প্রবা ফটো
সাতক্ষীরার তালায় টাকা চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে নবম শ্রেণির স্কুলছাত্রকে হাত-পা বেঁধে মারধর ও নির্যাতনের মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আড়ংপাড়া গ্রামের ঘেরমালিক জাকির গাজী ও কর্মচারী সোহেল ফকির।
শনিবার (২৮ জানুয়ারি) রাতে তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। স্কুলছাত্রের দাদা হোসেন আলী গাজী শনিবার রাতে তালা থানায় মামলা করলে তাদের গ্রেপ্তার করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম বলেন, ‘টাকা চুরির অপবাদে শিশুকে নির্যাতনের ঘটনায় করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
গত বৃহস্পতিবার সন্ধ্যায় আড়ংপাড়া গ্রামে (কুলিন্দার বিলে) জাকির গাজীর ঘের থেকে এক হাজার টাকা চুরির অপবাদে হাত-পা বেঁধে মারধর করেন। এ সময় তার পিতাকে মোবাইল ফোনে কিশোরের আর্তচিৎকার শোনান তারা। আহত ওই কিশোরের বাড়ি তালা উপজেলার কলাপোতা গ্রামে। সে তেরছি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।