নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১৬:১৬ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩ ২১:৫১ পিএম
নতুন পাঞ্জাবী পেয়ে খুশি মাদরাসার ছাত্ররা। প্রবা ফটো
নোয়াখালীর বেগমগঞ্জে দুই প্রবাসীর সহায়তায় ৩৭ মাদরাসা শিক্ষার্থী নতুন পোশাক পেয়েছে।
রবিবার (২৯ জানুয়ারি) ১১টার সময় উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ডা. বদিউজ্জামান মাদরাসার ছাত্রদের মাঝে এসব নতুন পোশাক বিতরণ করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখে যুক্তরাষ্ট্র ও স্পেন প্রবাসী দুজন মিলে ডা. বদিউজ্জামান মাদরাসার ইয়াতিম ও অসহায় ৩৭ জন শিক্ষার্থীর জন্য নতুন পোশাক কিনে দেন।
মাদরাসার ছাত্র শাহ পরান বলেন, আমরা নতুন পোশাক পেয়ে খুব খুশী। যারা কিনে দিয়েছেন তাদের জন্য দোয়া করবো।
আরেক ছাত্র মেহেদী হাসান বলেন, আমাদের আগে কোনো ভাল পোশাক ছিল না। এত দাম দিয়ে পায়জামা পাঞ্জাবি বানানো সম্ভব না। আজ আমরা খুব খুশী। যারা পোষাক কিনে দিয়েছেন তাদের জন্য দোয়া করবো।
স্থানীয় বাসিন্দা তানিম মজুমদার বলেন, মাদরাসাটি অনেক পুরাতন। জীর্ণ শীর্ণ অবস্থায় শিক্ষার্থীরা এখানে দ্বীনি শিক্ষার জন্য আসেন। অনেক ইয়াতিম শিশু এখানে পড়ালেখা করেন। সমস্যার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে দুই প্রবাসী প্রায় ৫০ হাজার টাকার নতুন পোষাক ৩৭ জন শিক্ষার্থীর জন্য কিনে দেন।
মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ ইয়াসিন আরাফাত বলেন, ‘নতুন পোশাক পাওয়া সবাই হেফজখানার ছাত্র। দুজন প্রবাসী নিজেদের কষ্টের টাকা থেকে শিক্ষার্থীদের জন্য নতুন পোষাক কিনে দিয়েছেন। আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুক।’
মাদরাসার পরিচালক মিহির উদ্দিন বলেন, মাদরাসাটি অনেক পুরাতন। এখানে নয়জন এতিম শিশুসহ প্রায় ১০০ জন শিক্ষার্থী রয়েছে। যাদেরে অনেকে অর্থনৈতিক ভাবে সচ্ছল না। নতুন জামা পেয়ে খুব খুশি হয়েছে। আজ যেনো তাদের ঈদ এমন এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।