সিলেট অফিস
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১৩:৩০ পিএম
অলংকরণ প্রবা।
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় ঘন কুয়াশার মধ্যে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি ট্রাকে আগুন ধরে গেলে চালকের সহকারী দগ্ধ হয়ে মারা যান।
রবিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে।
নিহত সবুজ মিয়ার বাড়ি চুয়াডাঙ্গায়।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, সকালে ঘন কুয়াশা ছিল। এ জন্য বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সম্ভবত হেলপার গাড়িতে ঘুমিয়ে ছিলেন। ফলে দগ্ধ হয়ে দুর্ঘটনাস্থলেই মারা যান।
‘হেলপারের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুটি ট্রাকের চালককে পায়নি পুলিশ’ জানান ওসি।