প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১০:২৩ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩ ১১:১৬ এএম
‘কবি দিলওয়ারের জীবন ও সাহিত্য’বিষয়ক আলোচনা সভায় অতিথিরা। প্রবা ফটো
গণমানুষের কবি দিলওয়ার স্মরণে ‘কবি দিলওয়ারের জীবন ও সাহিত্য’বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) সিলেটের একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্যের ছোটকাগজ ‘আরণ্যক’ ও কবিকণ্ঠ সিলেট।
অনুষ্ঠানে প্রধান আলোচক ড. মোস্তাক আহমাদ দীন বলেন, কবি দিলওয়ার শুধু একজন কবিই নন, তার পরিচিতি বিশ্বজোড়া এবং তিনি গণমানুষের কবি হিসেবেই প্রতিষ্ঠিত।
‘বিশ্বকবি বলতে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি নজরুল, সংগ্রামের কবি সুকান্ত, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ-- তেমনি গণমানুষের কবি বলতে একমাত্র দিলওয়ারকেই বুঝায়। তার রচনা বিশ্বসাহিত্যে সমাদৃত। তাকে নিয়ে সিলেটবাসী তথা বাঙালি জাতি গর্বিত।’
এতে সভাপতিত্ব করেন গীতিকবি ও কবিকণ্ঠ সিলেটের যুগ্ম নির্বাহী পরিচালক হরিপদ চন্দ। অন্যদের মধ্যে আলোচনা করেন কবি ও সম্পাদক মোহাম্মদ শামছ উদ্দিন (আরণ্যক শামছ), অধ্যক্ষ মুহিবুর রহমান একাডেমি সিলেট, কবি ও ভাস্কর সম্পাদক পুলিন রায়, কবি ও অনুবাদক মুহাম্মদ ইমদাদ, উপাধ্যক্ষ, মুহিবুর রহমান একাডেমি সিলেট।
তিনটি পর্বের অনুষ্ঠানে কবি দিলওয়ারের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা, কবি আরণ্যক শামছ সম্পাদিত ‘আরণ্যক লিটলম্যাগ', বাবুল আহমদ সম্পাদিত কবিকণ্ঠ সঙ্কলন ২০২১, কবি শামসুন নূর মানবের কাব্যগ্রন্থ 'বারে বারে মাকে মনে পড়ে', কবি মুনিরা সিরাজ চৌধুরী রাজুর কাব্যগ্রন্থ 'যে নদীর মোহনায় জ্বলছে অনল' এবং কবি ও নাট্যকার বাবুল আহমদের 'এক মলাটে চার বই'-এর মোড়ক উন্মোচন এবং কবি দিলওয়ারের ৮৬তম জন্মবার্ষিক, কবিকণ্ঠের প্রতিষ্ঠাতা বাবুল আহমদের ৬০তম জন্মবার্ষিক ও কবি শামসুন নুর মানবের জন্মদিনে শুভেচ্ছা বিনিময় ও মুক্ত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডা. শামসুন নুর মানব, শুভেচ্ছা বক্তব্য রাখেন জাহান আরা জায়গীরদার।
কবিকে নিবেদিত কবিতা ও স্বরচিত কবিতা পাঠ করেন-- মামুন সুলতান, মোহাম্মদ হাবিবুল্লাহ্ হেলালী, অমিতা বর্ধন, মুহাম্মদ আব্দুল হক, ওয়াফিকা হাসান, হেলাল আহমদ, ফারহীন জাহান নুবা, শফিকুল ইসলাম সোহাগ, গোলাম রব্বানী, ভানু সরকার, ডা. সামসুন নুর মানব, জসিম উদ্দিন, সাহেদ আহমদ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবিকণ্ঠ সিলেটের মুখ্য নির্বাহী পরিচালক বাবুল আহমদ ও ফারহীন জাহান নুবা।