কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৭:৪০ পিএম
প্রবা অলংকরণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার উত্তরসূর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ভূনবীর ইউনিয়নের শাসন গ্রামের মৃত রমজান আলীর ছেলে অটোরিকশা চালক আলী আকবর এবং শ্রীমঙ্গলের জমজম ফার্মেসির মালিক মাওলানা সালাহ উদ্দিন। এ সময় সাতগাঁও এলাকার মৃত শফিক মিয়ার ছেলে মোতালিব মিয়া গুরুতর আহত হন।
পুলিশ জানায়, শনিবার দুপুরে শ্রীমঙ্গলের উত্তরসূর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস দল দুর্ঘটনায় আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অবস্থার অবনতি ঘটলে অটো চালক আলী আকবরকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে মারা যান এবং ব্যবসায়ী সালাহউদ্দিনকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ সময় আহত আরেক যাত্রী মোতালিব মিয়া মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রাকিব আহমেদ বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশাটি হাইওয়ে থানা হেফাজতে আছে। ট্রাকটি শনাক্ত করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’