বগুড়া অফিস
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৭:২৪ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ২০:৪৯ পিএম
বগুড়ায় উপনির্বাচনে হিরো আলমের পক্ষে প্রচারণা চালাচ্ছেন চিত্রনায়িকা মুনমুন। প্রবা ফটো
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের নির্বাচনী প্রচারে যোগ দিয়েছেন এক সময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুন।
শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে মুনমুন বগুড়া শহরের বিভিন্ন এলাকায় হিরো আলমের সঙ্গে ঘুরে ঘুরে গণসংযোগের পাশাপাশি একতারা প্রতীকে ভোট চান তারা।
প্রচারে মুনমুন বলেন, ‘হিরো আলম আমার স্নেহের ছোট ভাই। সে আমাকে বলল আপু আমি তো ইলেকশন করছি, আপনি এসে আমাকে দোয়া দিয়ে যান। তাই দোয়া দিতে আসলাম।’
তিনি বলেন, ‘হিরো আলম তৃণমূল থেকে উঠে এসেছে। তাই সে মানুষের যে চাওয়া-পাওয়া সেটা ভালো জানে। আমার চাওয়া হিরো আলম যে এলাকা থেকে নেতৃত্ব দিতে চাচ্ছে সে ওই জায়গায় সফল হবে। আলম খুব বুদ্ধিমান ছেলে। সে মানুষের অন্তরের কথা বুঝে। সে অনেক দূর যেতে পারবে।’
হিরো আলম বলেন, ‘আমি বলেছিলাম প্রচারণায় চমক থাকবে। সেই চমকের অংশ হিসেবে মুনমুন আপা আমার ভোটের প্রচারণায় এসেছেন।’
বগুড়ার দুই আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। কিন্তু ভোটার তালিকায় গড়মিল থাকার অভিযোগে তার মনোনয়নপত্র প্রথমে জেলা রিটার্নিং কর্মকর্তা, পরে নির্বাচন কমিশন থেকে বাতিল করা হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন হিরো আলম। গতকাল মঙ্গলবার হাইকোর্টের রায়ে তিনি দুই আসনেই তার প্রার্থিতা ফিরে পান।
দলীয় সিদ্ধান্তের কথা বলে বগুড়া-৬ (সদর) এবং বগুড়া-৪ আসনের বিএনপি দলীয় দুই সংসদ সদস্য ১১ ডিসেম্বর পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন আসন দুটি শূন্য ঘোষণা করে। ১৮ ডিসেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি আসন দুটিতে নির্বাচন হবে।
সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করা হিরো আলম ২০১৮ সালে সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়ে আবেদন করেন। তবে তার আবেদন প্রত্যাখ্যাত হলে তিনি স্বতন্ত্র প্রার্থী হন এবং সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।