ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৪:২৯ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ১৫:৪০ পিএম
ধুপতি হাতে দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে সূর্যপূজায় প্রার্থনা করেছন ভক্তরা। প্রবা ফটো
ভোলায় উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সূর্যপূজা উদযাপিত হচ্ছে। মাঘ মাসের মাকরী শুক্লা সপ্তমী তিথিতে এ পূজা উদযাপিত হয়।
শনিবার (২৮ জানুয়ারি) ভোলা শহরের ৫নং ওয়ার্ডের ভক্তবাড়িতে সূর্যোদয়ের আগে থেকে ওই পূজা শুরু হয়। চলবে সূর্যাস্ত পর্যন্ত।
মনের বাসনা এবং পরিবার-পরিজনের মঙ্গল কামনায় সনাতন নারী-পুরুষ সাতপাক ঘুরে এ পূজা করেন।
সরেজমিনে দেখা যায়, ধুপতি হাতে দলবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন নারী-পুরুষ। সূর্যোদয়ের আগ থেকে শুরু হওয়া প্রার্থনা চলবে সন্ধ্যা পর্যন্ত। প্রার্থনা চলাকালীন কেউ বসতে পারবে না। উপবাস করে দাঁড়িয়ে থাকবে সন্ধ্যা পর্যন্ত। এমন ধর্মীয় রীতিতে সনাতন ধর্মের নারী-পুরুষরা সূর্যদেবের প্রার্থনা করবেন। যা শেষ হবে অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে।
পূণ্যার্থী লাবণী ভক্ত বলেন, ‘আমরা মনের বাসনা পূরণ করতে ব্রুত করে পূজা উদযাপন করেছি। আমাদের অনেক ভালো লাগছে। প্রতি বছরই আমরা পূজার আয়োজন করে থাকি।’
পুরোহিত চন্দ্র শেখর ব্রহ্মচারী বলেন, এ পূজার মাধ্যমে ভক্তদের মনের বাসনা পূরণ হয়। মাঘ মাসের মাকড় সপ্তমী তিথিতে সূর্য পূজা হয়। ধর্মীয় রীতি অনুযায়ী পূজা চলছে। সারাদিন চলবে পূজার আনুষ্ঠানিকতা।
ভোলা শহরের পৌর ৫নং ওয়ার্ডের ভক্তবাড়িতে কয়েক বছর ধরে চলে আসছে এমন আয়োজন।
ভক্তবাড়ির মত মাঘ মাসের এ তিথিতে শহরের বাপ্তাসূর্য বাড়িসহ বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশে সূর্যদেবের পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রায় শতাধিক পূণ্যার্থী ধুপতি হাতে একমনে প্রার্থনা করছেন সূর্য দেবের।