× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটালীপাড়া পৌর নির্বাচনে মনোনয়ন চান আওয়ামী লীগের ১৬ জন

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩ ১৩:৪২ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩ ১৩:৫২ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা কার্যালয়। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা কার্যালয়। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ২৩ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) ভোটের তারিখ ঘোষণা করলেও কোটালীপাড়ায় আরও দুই সপ্তাহ আগে থেকেই নির্বাচনী মাঠ গরম রেখেছেন প্রার্থীরা। 

কোটালীপাড়া পৌরসভায় ভোট করতে এরই মধ্যে অন্তত ১৬ জন নেতা আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। সবার প্রত্যাশা, দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকায় আওয়ামী লীগের মনোনয়ন তিনিই পাবেন। সে প্রত্যাশা থেকেই পৌর এলাকায় নির্বাচনের মাঠ গরম রেখেছেন প্রার্থী ও তার সমর্থকেরা।

জানা গেছে, ইসির তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমার শেষ দিন ও ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা কোটালীপাড়া। সে উপজেলার পৌরসভা কোটালীপাড়া। কোটালীপাড়া প্রায় শতভাগ আওয়ামী লীগের ভোটার। বিগত পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এবারও শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন আওয়ামী লীগের প্রার্থী।

তাই মেয়র পদে ভোটের মাঠের থেকে মনোনয়নের দৌড়ে জিততে সব প্রার্থী মরিয়া হয়ে ছুটছেন। দলীয় মনোনয়ন বাগাতে সব প্রার্থী আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের কাছে ধর্না দিতে শুরু করেছেন। একবার ঢাকা, একবার কোটালীপাড়া দৌড়াদৌড়ি করছেন।

ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেতে ১৬ জন প্রার্থী তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কাছে। এরা সবাই মূল দল আওয়ামী লীগ কোটালীপাড়া উপজেলা শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য ও সহযোগী সংগঠনের নেতা।

কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে নির্বাচনী মাঠে কাজ করছেন তিন নারী প্রার্থী। তারা হলেন— উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক প্রয়াত নারায়ণ চন্দ্র দামের স্ত্রী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লীলা দাম, উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক শাবানা ও বীর শহীদ মুক্তিযোদ্ধার সন্তান নার্গিস সুলতানা।

এ ছাড়া বর্তমান পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা। 

আরও আছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র এসএম মিজানুর রহমান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. মো. আলীউজ্জামান শেখ, ব্যবসায়ী কমল সেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

মেয়র পদে দলীও মনোনয়ন পেতে বিশাল সব বিলবোর্ড, তোরণ, ব্যানার ও পোস্টার দিয়ে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন মনোনয়ন প্রত্যাশীরা। 

সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে হাজির হয়ে বিভিন্ন আঙ্গিকে গণসংযোগ চালাচ্ছেন। পাশাপাশি তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়র পদে দেখতে চেয়ে তাদের ছবি পোস্ট করে প্রচার চালাচ্ছেন। আলোচনা চলছে, কে হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার মাঝি। 

গত সোমবার পৌরসভা নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি এসএম হুমায়ুন কবির, আব্দুল খালেক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম অহিদুল ইসলাম, হাজী কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান বক্তব্য রাখেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ‘আমরা সম্ভাব্য মেয়র প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করছি। প্রার্থীদের এই জীবনবৃত্তান্ত জেলা কমিটির কাছে পাঠাব। তারা এটি কেন্দ্রে পাঠাবেন। কেন্দ্র যাকে মনোনয়ন দেবে, আমরা তার নির্বাচন করব।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘এখন পর্যন্ত ১৩ জন মনোনয়ন প্রত্যাশী তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এসব জেলা আওয়ামী লীগের হাত ঘুরে প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপি শেখ হাসিনার কাছে যাবে। তিনি যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী আওয়ামী লীগ নেতাকর্মীরা কাজ করবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা