গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩ ১২:২১ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩ ১২:২৭ পিএম
কাশিমপুর কারাগার। ফাইল ফটো
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির প্রধান করা হয়েছে জেলার লুৎফর রহমানকে। কমিটির অন্য সদস্যরা হলেন ডেপুটি জেলার শিল্পী আক্তার, রেজাউল করিম ও হাসপাতালের নার্স আবুল বাশার। আগামী ৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এর আগে ওই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে রফিকুল ইসলাম নামে এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া দুই সহকারী কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
সিনিয়র জেল সুপার বলেন, ‘কারাগারের ভিতরে বন্দি নজরুল ইসলাম কীভাবে আত্মহত্যা করেছেন সেটি তদন্ত করে দেখা হচ্ছে।’
ঘটনার পর তিনি বলেছিলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টায় নজরুল কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান।’
জেল সুপার আরও বলেন, ‘নজরুল মানসিক রোগে ভুগছিলেন। কারাগারে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’