মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩ ১২:৫৪ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩ ১৩:১৩ পিএম
আগুনে ক্ষতিগ্রস্ত দোকান। প্রবা ফটো
মেহেরপুর শহরে একটি ফার্নিচার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের ।
বুধবার (২৫ জানুয়ারি) রাতে আনুমানিক চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দোকানের মালিক শিমুল মালিথা বলেন, ‘ভোরের দিকে একজন কল দিলে জানতে পারি দোকানে আগুন লেগেছে।’
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বুধবার রাত ৪টায় শহরের ছহিউদ্দিন ডিগ্রি কলেজের নিকট সোহাগ ফার্নিচারে আকস্মিকভাবে আগুন লাগে। বিষয়টি দেখতে পেয়ে প্রতিবেশীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন।
তিনি বলেন, ‘আগুনে ৬টি প্রস্তুত করা খাট, জানালা, দরজাসহ দোকানের সব জিনিসপত্র পুড়ে যায়। পরে মেহেরপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।’
মেহেরপুর সদর থানার ওসি শেখ মইনুল আহমেদ জানান, এই বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।