ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩ ১০:৪২ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩ ১০:৫১ এএম
ফেনী সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা। ছবি: প্রবা
ফেনী সদর উপজেলায় আর্সেনিকের মাত্রা পরীক্ষায় ৫ হাজার ৩শ ৯৮ টিউবওয়েলে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে। এসব টিউবওয়েলের পানি ব্যবহার না করতে জনস্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্থানীয়দের নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় এ তথ্য জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী হাসান পারভেজ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন পাটোয়ারী, মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা জুসি, উপজেলা প্রকৌশলী দ্বীপ্ত দাশ গুপ্ত, কৃষি কর্মকর্তা শারমীন আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আরতী প্রভা ভৌমিক, পরিসংখ্যান কর্মকর্তা একেএম খালেদ সরওয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা ইদ্রিস উল্যাহ, ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্যাহ বি.কম, শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম, কাজিরবাগ ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ, মোটবী ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ, কালিদহ ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম, ফরহাদনগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন টিপু প্রমুখ বক্তব্য দেন।
উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য সূত্র জানায়, জেলা সদরের ১২ ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডে ৬ লাখ ৩৪ হাজার ৩শ ২১ মানুষের বসবাস। এসব এলাকায় পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের আওতায় আর্সেনিক স্ক্রিনিং কার্যক্রমের অংশ হিসেবে ২০২২ সালের জুন থেকে পানির পরীক্ষা করে আসছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
সূত্র আরো জানায়, এ প্রকল্পে প্রথম ধাপে ২৯ হাজার ৬৩৩টি টিউবওয়েলের পানি পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৩শ ৯৮টি টিউবওয়েলে আর্সেনিক মিলেছে। মাত্রাতিরিক্ত ঝুঁকিতে রয়েছে ৫ শতাধিক টিউবওয়েল। লেমুয়া, ফাজিলপুর, ছনুয়া ইউনিয়নে আর্সেনিক পাওয়া টিউবওয়েলের সংখ্যা বেশি। সেগুলোতে আর্সেনিকের মাত্রা দশমিক শূন্য ৫ মিলিগ্রাম পার লিটারের বেশি পরিমাণ পাওয়া গেছে। কোথাও কোথাও এটি সর্বোচ্চ দশমিক ১ মিলিগ্রাম পার লিটারও রয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী হাসান পারভেজ জানান, ‘আর্সেনিক পাওয়া টিউবওয়েল ঝুঁকিপূর্ণ হিসেবে দ্রুতসময়ের মধ্যে লাল চিহ্ন দেওয়া হবে। ১৮ দশমিক ৯ শতাংশ টিউবওয়েলে আর্সেনিক পাওয়া গেছে। এসব পরিবারের জন্য নতুন করে টিউবওয়েল স্থাপন করতে স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমনকি উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সহযোগিতা প্রয়োজন।’
ফেনীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শরীফুল ইসলাম বলেন, আর্সেনিকযুক্ত টিউবওয়েল চিহ্নিত করে রাখলে খাওয়া ব্যতিত ধোয়া-মোছাসহ অন্য সব কাজে ব্যবহার করতে পারবে। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।
শুসেন চন্দ্র শীল বলেন, ‘বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যেসব টিউবওয়েলে আর্সেনিক পাওয়া গেছে এসব টিউবওয়েল অপসারণ করে নতুন করে সরকারিভাবে স্থাপন করতে জনস্বাস্থ্য কর্মকর্তা সভায় বিষয়টি উত্থাপন করেছেন। সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী দেশে এলে তার ডিও লেটার নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’