গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ২৩:৪২ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বাসস
গাজীপুরের মৌচাকে ‘সাবাস---শক্তির ফোয়ারা’ এই প্রতিপাদ্যে শুরু হয়েছে ৩২তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউট ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি-২০২৩। বুধবার (২৫ জানুয়ারি) সকালে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে জাম্বুরিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গত শনিবার শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি স্কাউট জাম্বুরির উদ্বোধন করেন।
অংশগ্রহণকারী দলগুলো নিজ নিজ তাঁবু, বিভিন্ন গ্যাজেট, চুলা, পানি পয়ঃনিষ্কাশনের ড্রেন, এরিনা, গেট ও পুকুর তৈরি করছে। এ ছাড়াও, নিজস্ব তাঁবুকে রঙিন সাজে সজ্জিত করতে অনেকেই রঙ বেরঙের কাগজ দিয়ে ফুলদানি, গেট, এরিনার রশি ও গ্যাজেট সাজিয়েছেন। তাদের নান্দনিক কারুকাজ আর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশাল স্কাউট কেন্দ্র।
বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) মীর মোহাম্মদ ফারুক জানান, একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি উদ্বোধন করার কথা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু বিশ্ব ইজতেমার কারণে সেটা স্থগিত করেন। এজন্য বুধবার সকাল ১১ টায় মৌচাক জাতীয় স্কাউট মাঠে আসবেন তিনি।
স্কাউট কর্মকর্তারা জানান, পুরো স্কাউট জাম্বুরিকে চারটি ভিলেজে ভাগ করা হয় এবং প্রতিটি ভিলেজে দুটি করে মোট আটটি সাব ক্যাম্পে বিভক্ত করা হয়েছে।
৯ দিনব্যাপী এ ক্যাম্পে স্কাউটদের জন্য রয়েছে তাঁবুকলা, হাইকিং, ওভার নাইট হাইকিং ও ইয়ুথ ভয়েজ, নেইবারহুড, ক্যাম্প ফায়ার, খেলাধূলা ও মেধা যাচাইসহ ২০টি উৎসব।