টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৮:৪৪ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩ ১৯:০১ পিএম
মহিষের আক্রমণের খবর শোনে উপস্থিত হন প্রশাসনিক কর্মকর্তারা। প্রবা ফটো
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পাগলা মহিষের তাণ্ডবে আহত আওয়ামী লীগের নেতাসহ আরও দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত হাসমত আলী খান চিকিৎসাধীন অবস্থায় ও রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় নেওয়ার পথে কিতাব আলীর মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিনজনে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আলী মৃধা তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন- উপজেলার লাউহাটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খান ও একই এলাকার কিতাব আলী।
ওসি বলেন, ‘গত ২২ জানুয়ারি সকালে উপজেলার তারুটিয়া গ্রামে একটি পাগলা মহিষ সাধারণ মানুষের ওপর আক্রমণ চালায়। এতে অন্তত ২০ জন আহত হয়। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন বিকাল ৩টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে হাজেরা বেগম নামের এক নারী মৃত্যু হয়। এরপর সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসমত আলী ও কিতাব আলী নামের আরও দুইজন। বাকিরা চিকিৎসাধীন।
গত রবিবার সকাল ১০টার দিকে এলাসিন ইউনিয়নের বারপাখিয়া গ্রামের শরিফ মিয়ার একটি গৃহপালিত মহিষ আক্রমণাত্মক হয়ে প্রথমে শরিফ মিয়ার ওপর চড়াও হয়। শিংয়ের গুতায় শরিফ মিয়া গুরুতর আহত হন। পরে মহিষটি এলোপাথাড়ি দৌড়াতে থাকে এবং যাকেই পেয়েছে তাকেই আক্রমণ করতে থাকে। এরপর মহিষটি লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামে তাণ্ডব চালায়। ওইদিন মহিষের আক্রমণে হাজেরা বেগম নামে এক নারী মির্জাপুর কুমুদীনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছিল। পরে মহিষটি বাঁশঝাড়ে আটকা পড়লে স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলে।