খুলনা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৬:৪৩ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩ ১৭:০৬ পিএম
খুলনা জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রবা ফটো
নতুন প্রজন্ম বিএনপিকে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
তিনি বলেন, বিএনপি বিভ্রান্তি আর প্রোপাগান্ডার রাজনীতি করে। এই রাজনীতি করে লাভ হবে না।
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতির গুণগতমানে ধ্যান দেন। ক্ষমতার লোভের অপরাজনীতি বন্ধ করেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে খুলনার শিববাড়ী মোড়ে জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফজলে শামস পরশ বলেন, বিএনপি প্রোপাগান্ডার রাজনীতি করে। তারা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়। সত্য দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে।
তিনি বলেন, বিএনপি সোজা ক্ষমতায় যেতে চায়। তারা ইস্যুভিত্তিক রাজনীতি করে না। বিএনপি নেতারা বলে, দেশের জনগণ নাকি তাদের সঙ্গে আছে। কিন্তু দেশের জনগণ রয়েছে আমাদের সঙ্গে। জনগণ আসলেই কাদের সঙ্গে রয়েছেন তা নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে।
যুবলীগের চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ চারবার ক্ষমতায় এসেছে। আমাদের ক্ষমতার লিপ্সা নেই। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় রাষ্ট্রীয় দায়িত্বে আসতে হবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে মর্যাদাপূর্ণ স্থানে নিয়েছেন। উন্নয়নের অর্জনসমূহকে ভোটারদের কাছে পৌঁছে দিতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পুনরায় শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান।
সভাপতিত্ব করছেন খুলনা জেলা যুব লীগের সভাপতি মো. কামরুজ্জামান জামাল। অনুষ্ঠান পরিচালনা করেন নগর যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।