জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ২০:৫২ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩ ১১:৩৫ এএম
উদ্ধার ট্রাক। প্রবা ফটো
নওগাঁ থেকে ছিনতাই হওয়া ধানবোঝাই একটি ট্রাক জয়পুরহাটে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে জেলার আক্কেলপুর পৌর শহরের পুরাতন বাজার মসজিদ এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।
আক্কেলপুর থানার পরিদর্শক আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নওগাঁর রাণীনগরের আবাদপুর থেকে আতপ ধান ভর্তি একটি ট্রাক রবিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের উদ্দেশে রওনা দেয়। পথে ট্রাকটি ছিনতাই হয়েছিল। আজ সকালে আক্কেলপুর পুরাতন বাজার মসজিদ এলাকায় সড়কের পাশ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, তারা ধানবোঝাই ট্রাকটি দেখতে পেয়ে চালক ও সহকারীকে খোঁজেন। ইঞ্জিনে চাবি লাগানো থাকলেও তারা ছিল না। পেছনে দুটি ধানের বস্তা পড়ে ছিল। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ ট্রাকটি উদ্ধার করে।
পুলিশ জানায়, আক্কেলপুর থানা পুলিশ নওগাঁ সদর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে ট্রাকটির চালক শাহ জামাল ও সহকারী মসিদুল ইসলাম দুপুরে আক্কেলপুর থানায় আসেন।
ট্রাকচালক শাহ জামাল বলেন, রবিবার রাতে নওগাঁর রাণীনগরের আবাদপুর থেকে ১৫৩ বস্তা আতপ ধান নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে যাওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী থেকে চার-পাঁচ দুর্বৃত্ত অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে ও মারধর করে ট্রাকটি নিয়ে যায়।