দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ২০:০৮ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ২০:২১ পিএম
গ্রেপ্তার আনিকা তাসনিম সরকার ও আব্দুল মান্নান। প্রবা ফটো
দিনাজপুরে আনিকা তাসনিম সরকার নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেট ও তার স্বামী আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ভুয়া কাগজ, পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) বিকালে দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার রাতে শহরের বালুবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার আনিকার বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায়। তার স্বামী আব্দুল মান্নান ওরফে মান্নার বাড়ি নাটোরের সদর উপজেলার জলালাবাদ গ্রামে। সে আনিকার তৃতীয় স্বামী। ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়ায় এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন আনিকা।
পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ বলেন, আনিকা দীর্ঘদিন ধরে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে আসছিল। এটা বিশ্বাসযোগ্য করতে ৩৮তম বিসিএস ক্যাডারের গেজেটের ১০৫নং সিরিয়ালে তার নাম এডিট করে পেস্ট করে। বিভিন্ন জেলা প্রশাসনের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নামে সে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। সম্প্রতি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নাম ব্যবহার ও জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে দুটি সংবাদপত্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ ঘটনায় জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। পরে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। একই সঙ্গে মামলা করা হয়।
তিনি বলেন, মামলার পর থেকে আনিকা ঢাকা, নাটোর, ঝিনাইদহ বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।