লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ১৭:২৮ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ১৮:১৫ পিএম
বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে গলা কেটে হত্যা মামলায় আলমগীর হোসেন আব্দুল্লাহ নামে একজনকে প্রেপ্তার করা হয়েছে। প্রবা ফটো
লালমনিরহাটের পাটগ্রামে মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে গলা কেটে হত্যার মামলায় আলমগীর হোসেন আব্দুল্লাহ নামে একজনকে প্রেপ্তার করা হয়েছে।
আব্দুল্লাহ এ মামলার প্রধান আসামি মো. নাহিদুজ্জামান প্রধান ওরফে বাবুর ঘনিষ্ঠ বন্ধু। গ্রেপ্তার আব্দুল্লাহ পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহেবডাঙা এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডের পর থেকে নাহিদুজ্জামান পলাতক।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রেপ্তারের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন।
ওসি বলেন, ‘সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহেবডাঙা এলাকা থেকে আলমগীর হোসেন আব্দুল্লাহ নামে এক যুবককে ওয়াজেদ আলীকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়। তিনি পলাতক প্রধান আসামি নাহিদুজ্জামানের ঘনিষ্ঠ বন্ধু। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিহতের ছেলে রিফাত হাসানের দায়ের করা মামলায় আব্দুল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে ৫ দিনের রিমান্ড আবেদনসহ লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ ও র্যাব প্রধান আসামি নাহিদুজ্জামানকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
নিহতের ছেলে রিফাত বলেন, ‘শুনেছি আলমগীর হোসেন আব্দুল্লাহ নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখনও প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা হত্যার মূল কারণ জানতে চাই। খুনিদের ফাঁসি চাই।’
মামলার তদন্ত কর্মকর্তা ও পরিদর্শক আব্দুল মুত্তালিব বলেন, 'আব্দুল্লাহকে আদালতে সোপর্দ করার জন্য পাটগ্রাম থেকে লালমনিরহাটে নিয়ে যাওয়া হয়েছে। আদালতে তার ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে। আদালতের আদেশ সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।'
মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিনের বাসা থেকে ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির সামনে ওয়াজেদকে হত্যা করা হয়। বাবুল হোসেন নামে এক প্রতিবেশী ওয়াজেদকে কুপিয়ে হত্যার দৃশ্য দেখতে পান এবং তাদের মধ্যে নাহিদুজ্জামান নামে একজনকে চিনতে পারেন বলে দাবি করেন।
নিহত ওয়াজেদ আলীর সঙ্গে নাহিদুজ্জামানের পরিবারের ঘনিষ্ট সম্পর্ক ছিল। তাদের বাসাও পাশাপাশি।
রবিবার সকালে হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবেশী নাহিদুজ্জামানের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন মৃতের ছোট ছেলে রিফাত হাসান।