চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ২৩:০৬ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ১১:৪১ এএম
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সার্ভার হ্যাক করে বিভিন্ন ওয়ার্ডের পাঁচ শতাধিক জন্মনিবন্ধন সনদ তৈরি ও অনলাইনে আপলোড করেছে হ্যাকাররা। রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত পাঁচটি ওয়ার্ডের ৫৪৬টি জন্মনিবন্ধন সনদ তৈরি ও ইস্যু করার তথ্য মিলেছে।
এ ঘটনায় কাউন্সিলর কার্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়, পাঁচটি ওয়ার্ডের মোট ৫৪৬টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করেছে হ্যাকাররা। এরমধ্যে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে সর্বোচ্চ ৪০৮টি, ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের ৮৪টি, ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের ৪০টি, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে ১০টি এবং ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের ৪টি।
শনিবার প্রথম চসিকের জন্মনিবন্ধন সার্ভার হ্যাক হয়। এদিন ২০৭টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করে হ্যাকাররা।
এ প্রসঙ্গে দক্ষিণ কাট্টলী ওয়ার্ড সচিব মনোতোষ বড়ুয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সার্ভার হ্যাক করে রবিবার পর্যন্ত ৪০৮টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হয়। হ্যাকাররা কীভাবে এসব করছে তা বোঝা যাচ্ছে না।’
একই ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বলেন, ‘এরই মধ্যে আমরা পুলিশের কাছে অভিযোগ করেছি। সার্ভার হ্যাক করে আমার ওয়ার্ডের যেসব জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হয়েছে সেগুলোতে রাজশাহী ও জামালপুরের ঠিকানা ব্যবহার করা হয়েছে। তবে জন্মনিবন্ধন নম্বার আমার ওয়ার্ডের। হ্যাকারদের ধরতে পুলিশ কাজ করছে।’
পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, হ্যাকিংয়ের বিষয়টি সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি বলেন, ‘সার্ভার হ্যাক করে আমার ওয়ার্ডের দশটি জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হয়েছে।’
বন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম) আসিফ মহিউদ্দীন বলেন, ‘সিটি করপোরেশনের সার্ভার হ্যাক করে বেশ কয়েকটি ওয়ার্ডের জন্মনিবন্ধন সনদ ইস্যুর খবর পেয়েছি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’
এ প্রসঙ্গে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘হ্যাক করে যেসব জন্মনিবন্ধন সনদ ইস্যু করার কথা বলা হচ্ছে; সেগুলো বাতিল করা হবে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। হ্যাকারদের শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’