চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ২১:৫০ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩ ২২:২৩ পিএম
হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) ১১৭তম বার্ষিক ওরশ উপলক্ষে বইয়ের প্রকাশনা উৎসব করা হয়। সংগৃহীত ছবি।
মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) ১১৭তম বার্ষিক ওরশ আগামী মঙ্গলবার (২৪ জানুয়ারি) (নির্ধারিত ১০ মাঘ) অনুষ্ঠিত হবে।
মাইজভাণ্ডারী দরবার শরীফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা ছাড়াও ভারত, মিয়ানমার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, চায়না, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমানসহ নানা দেশ থেকে অসংখ্য ভক্ত-অনুরক্তরা দরবার শরীফে এসেছেন।
নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে মাইজভাণ্ডার ওরশ শরীফ সুপারভিশন কমিটির উদ্যোগে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ও ভিডিওচিত্র ধারণের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
বিভিন্ন স্থানে প্রয়োজনীয় গাড়ি পার্কিংসহ অতিথিদের থাকা, সময়মতো জামাত সহকারে নামাজ আদায়, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, আলোকসজ্জা এবং প্রয়োজনীয় ওষুধসহ বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে।
ওরশ উপলক্ষে রবিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম দরবার শরীফের শাহ এমদাদীয়া ময়দানে শিক্ষকদের নিয়ে ‘সানডে ইনভাইটেড টক’ অনুষ্ঠিত হয়েছে।
গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মাওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় ও নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার একশ শিক্ষক অংশ নেন।
সোমবার (২৩ জানুয়ারি) হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর (ক.) মাজার শরীফে গিলাফ চড়ানো, মিলাদ, তাওয়াল্লোদে গাউছিয়া, জিকির ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণীসংবলিত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকাসমূহে ক্রোড়পত্র প্রকাশ এবং রাতে মিলাদ, জিকির ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি শৃঙ্খলা, কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আখেরি মোনাজাত পরিচালনা করবেন সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী।