কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ২১:২৩ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩ ২২:৪৯ পিএম
রঙ মেশানো মরিচের গুঁড়া নষ্ট করা হচ্ছে। প্রবা ফটো
কুমিল্লা নগরীতে গুঁড়া মরিচকে উজ্জ্বল ও আকর্ষণীয় করতে কাপড়ে ব্যবহৃত রঙ মিশিয়ে বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে এক হাজার ১২৫ কেজি রঙ মিশ্রিত গুঁড়া মরিচ জব্দ করে নষ্ট করে দেওয়া হয়েছে। রবিবার নগরীর চকবাজারে এই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, ‘অভিযানে গিয়ে পরীক্ষা করে জানতে পারি ওই দোকানের গুঁড়া মরিচে রঙয়ের মিশ্রণ আছে। দোকানমালিক আমাদের জানান, তিনি অল্প কয়েক মাস আগে ব্যবসা শুরু করেছেন। চা বিক্রি করে লাভবান না হওয়াতে তিনি চায়ের পাশাপাশি হলুদ, মরিচসহ মশলা বিক্রি শুরু করেন। নিম্নমানের মরিচ আর সাদা মরিচের মিশ্রণে গুঁড়া মরিচ তৈরি করায় সেগুলোর রঙ অতটা সুন্দর লাগত না। তাই তিনি এই উপায় বেছে নিয়েছিলেন। এ ঘটনায় মেসার্স আল্লাহর দান টি হাউজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘এগুলো কাপড়ের রঙ, যা শরীরের জন্য ক্ষতিকর। বিশেষ করে কিডনি, লিভারসহ পুরো শরীরের জন্য। অভিযানে ক্যাবের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।’ ফায়ার সার্ভিসের টিমের সহযোগিতায় রঙ মেশানো এক হাজার ১২৫ কেজি গুঁড়া মরিচ জব্দ করে নষ্ট করা হয়।