× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রামজুড়ে এক মহিষের তাণ্ডব, নিহত ১

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ১৯:১৭ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩ ২০:৪৭ পিএম

খোঁজ পেয়ে উপস্থিত হন প্রশাসনিক কর্মকর্তারা। প্রবা ফটো

খোঁজ পেয়ে উপস্থিত হন প্রশাসনিক কর্মকর্তারা। প্রবা ফটো

টাঙ্গাইলের দেলদুয়ারে মহিষের আক্রমণে হাজেরা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। একজনকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার লাউহাটি ইউনিয়নের তারটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে মহিষটিকে পিটিয়ে মেরে ফেলেন স্থানীয়রা।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের নাম হাজেরা বেগম। তিনি তারটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এছাড়া আহত অবস্থায় হাসমত আলী নামে একজনকে ঢাকায় নেওয়া হয়েছে।

ওসি বলেন, ‘একটি মহিষ দুটি ইউনিয়নের একাধিক গ্রামে তান্ডব চালায়। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নেতৃত্বে জাতীয় চিড়িয়াখানা থেকে আসা একটি টিমসহ পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। মহিষটি একটি বাড়িতে ঢুকে তান্ডব চালালে ওই বাড়ির এক পুরুষ প্রাণ বাঁচাতে বাশঝাঁড়ে গিয়ে উঠেন। মহিষটি সেখানে তাকে আক্রমণ করতে গিয়ে বাঁশঝাড়ে আটকে যায়। পরে স্থানীয়রা এটিকে পিটিয়ে মেরে ফেলেন।’

স্থানীয়রা জানান, রবিবার সকাল ১০টার দিকে এলাসিন ইউনিয়নের বারপাখিয়া গ্রামের ঝরু মিয়ার ছেলে শরিফ মিয়ার একটি গৃহপালিত মহিষ আক্রমণাত্মক হয়ে প্রথমে শরিফ মিয়ার ওপর চড়াও হয়। শিংয়ের আঘাতে শরিফ মিয়া গুরুতর আহত হন। পরে মহিষটি এলোপাতাড়ি দৌড়াতে থাকে।

এলাসিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন বলেন, ‘পাগলা মহিষের আক্রমণে এ ইউনিয়নের তিনটি গ্রামের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে মালিক শরিফ মিয়ার অবস্থা গুরুতর। পরে মহিষটি লাউহাটি ইউনিয়নের তারটিয়া গ্রামে চলে যায়।’

লাউহাটী ইউপি চেয়ারম্যান শাহিন মোহাম্মদ খান বলেন, ‘মহিষের আক্রমণে তারটিয়া গ্রামের হাজেরা বেগম নামের এক নারী মারা গেছেন। এছাড়া পাগলা মহিষটি লাউহাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাসমত আলী খানসহ অন্তত ৮-১০ জন ব্যক্তিকে আক্রমণ করে আহত করে। গুরুতর আহত হাসমত আলীকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দিন সারওয়ার রিজভী বলেন, ‘খবর শোনার পর দ্রুত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রানা মিয়ার সঙ্গে যোগাযোগ করি। পরে জাতীয় চিড়িয়াখানার ট্রাইবুলাইজার টিমকে বিষয়টি অবহিত করলে তারা মহিষটিকে অচেতন করার প্রস্তুতি নেন। কিন্তু তার পূর্বেই মানুষ মহিষটিকে মেরে ফেলে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা