গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ১৫:৩৩ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩ ১৭:০৩ পিএম
আহত শিক্ষার্থী আরাফাত সানী । প্রবা ফটো
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ফটক ভেঙে শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে, নিম্নমানের কাজের জন্য ফটকটি ভেঙে পড়েছে। তবে ঠিকাদার এই অভিযোগ নাকচ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
শনিবার (২১ জানুয়ারি) বিকালে উপজেলার বরইভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটে।
আহত আরাফাত সানী বিদ্যালয়টির দ্বিতীয় শ্রেণিতে পড়ে। তার বাড়ি বরইভিটা গ্রামে।
শিক্ষার্থীর বাবা আলামিন শিকদার বলেন, ‘বিকালে আমার ছেলে বিদ্যালয়টির মাঠে খেলা করছিল। এক পর্যায়ে ফটকটি ভেঙে আমার ছেলের ওপর পড়ে। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।’
বিদ্যালয়টির সহকারী শিক্ষক ওলিউল্লাহ হাওলাদার বলেন, ‘মাত্র ছয় দিন আগে বিদ্যালয়ের ফটকটি লাগানো হয়েছে। গেটের কাজটি নিম্নমানের হওয়ায় ফটকটি ভেঙে পড়েছে বলে আমাদের ধারণা। আমরা এ ঘটনার তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
ঠিকাদার নাসির শেখ বলেন, ‘কাজটি বর্তমানে চলমান রয়েছে। এখানে কোনো নিম্নমানের কাজ হয়নি। আমি ভেঙে পড়া ফটকটি ফের স্থাপন করে দেব।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমি বিষয়টি জানার পর তদন্তপূর্বক ঠিকাদারের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি।’