টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ১১:৫৭ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩ ১২:৪০ পিএম
ভূঞাপুর থানা। ফাইল ফটো
টাঙ্গাইলের ভূঞাপুরে বালুর ঘাটে কাজ করার সময় এর স্তূপের নিচে পড়ে রাশেদুল ইসলাম নামে এক ভেকু চালকের হেলপারের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
রবিবার (২২ জানুয়ারি) ভোর রাতে উপজেলার সারপলশিয়া এলাকার হাশেম প্রামাণিকের বালুর ঘাটে এই ঘটনা ঘটে।
রাশেদুল উপজেলার পলশিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ বলেন, বালুর স্তূপ ছিল অনেক উঁচু। ওই তিনজন সেই বালুর স্তূপে উঠেছিল পাইপ খুলতে। সে সময় বালুর স্তূপ ভেঙে তাদের ওপর পড়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন আরও দুজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, বালুর স্তূপের নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত দুজনের একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।