কক্সবাজার অফিস
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ১১:৫১ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩ ১৩:০৮ পিএম
ফাইল ফটো
কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ ঘোরাফেরা করায় দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় একটি আগ্নেয়াস্ত্র, তিনটি গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া বাজার থেকে শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রইক্ষ্যং এলাকার আবু ছিদ্দিক ও মোহাম্মদ শফিক।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, পাহাড়ি ও রোহিঙ্গা অধ্যুষিত এলাকা রইক্ষ্যংয়ের দুই যুবক তাদের এলাকা থেকে পাঁচ কিলোমিটার দূরে কাঞ্জরপাড়া এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। তাদের উদ্দেশ্য সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাদের আটক করে। তাদের কাছে অস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত হলে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলার পর রবিবার দুপুরে কক্সবাজার আদালতে হাজির করা হবে।