লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ২৩:৫১ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৩ ২৩:৫৮ পিএম
লালমনিরহাটে ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক। এর আগে আসামিদের জামিন আবেদন করা হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) হেলাল উদ্দিন বলেন, কনস্টেবল হারুন-অর-রশীদ (রাজারবাগ পুলিশ লাইন্স) ও মেহেদী হাসানের (রংপুর জেলা পুলিশ লাইন্স) বিরুদ্ধে মাদক আইনে সদর থানায় মামলা হয়েছে।
হেলাল বলেন, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকির বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের ভাড়া করা একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। তবে চালক পালিয়ে গেছে। প্রাইভেটকার চালককেও মামলার আসামি করা হয়।
তিনি আরও বলেন, আটকের পর তাদের লালমনিরহাট সদর থানায় দেওয়া হয়।