মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ১৬:২২ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৩ ১৬:৪০ পিএম
মেহেরপুর প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। প্রবা ফটো
প্রতিবন্ধী বাচ্চাদের মূলস্রোতে ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, ইতোমধ্যে সারা দেশে বিভিন্ন স্থানে প্রতিবন্ধী স্কুল জাতীয়করণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ভাতা চালু করা হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে মেহেরপুর প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় এমপি ও জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা জেলায় এবং উপজেলাতে যাতে করে একটি করে প্রতিবন্ধী স্কুল থাকে এবং তাতে প্রতিবন্ধী বাচ্চারা পড়ালেখা করতে পারে।
মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম শিলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা উল জান্নাহ, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ওবায়দুল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন।
বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, মেহেরপুর দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য।