গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ১৩:৪৯ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৩ ১৫:৩৮ পিএম
শুক্রবার ইজতেমা ময়দানে কথা বলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম। প্রবা ফটো
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্ব সুষ্ঠুভাবে শেষ হবে বলে আশার কথা জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম।
তিনি বলেন, ‘দ্বিতীয় পর্বেও কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমস্ত মাঠ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আশা করছি, প্রথম পর্বের মতো এ পর্বও সুষ্ঠুভাবে শেষ হবে।’
শুক্রবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম বলেন, ‘মুসল্লিদের এখানে অবস্থান ও নিরাপদে ঘরে ফেরা পর্যন্ত আমরা কাজ করে যাব। দ্বিতীয় পর্বে পাঁচ হাজারের মতো বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন। তাদের জন্য অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।’
আখেরি মোনাজাতের দিন সড়কে যানবাহনের চাপ মোকাবিলায় বিকল্প ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সড়কে যানবাহনের বেশি চাপ থাকলে টঙ্গী থেকে ভোগড়া পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হবে। কামারপাড়া সড়কও বন্ধ করে দেওয়া হবে। এ ক্ষেত্রে বাইপাস হয়ে চলবে যানবাহন।'
তিনি আরও বলেন, ‘আখেরি মোনাজাতে যদি লোকজন বেশি হয় বা রাস্তায় যদি ওভার ফ্লো হয়, সেক্ষেত্রে রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করব। সেই যানবাহনগুলো টঙ্গী থেকে ভোগড়া পর্যন্ত সড়ক বন্ধ করে দিব। কামারপাড়া সড়কও বন্ধ করে দিব। সেই ক্ষেত্রে বাইপাস দিয়ে পূর্বাচলের ৩০০ ফিট সড়ক হয়ে ঢাকা ও ময়মনসিংহের গাড়িগুলো যাতায়াত করবে।’
ছিনতাই রোধ ও অন্যান্য নিরাপত্তার ব্যাপারে পুলিশ কর্মকর্তা মোল্ল্যা নজরুল ইসলাম বলেন, ‘ময়দানের পরিস্থিতি সম্পর্কে আমাদের সার্বক্ষণিক তথ্য দিচ্ছে গোয়ান্দা সংস্থাগুলো। ইউনিফর্ম ও সাদা পোশাকে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাছাড়া সিসিটিভির ব্যবস্থা রয়েছে। সবকিছু সার্বক্ষণিক দেখভাল করা হচ্ছে।’
তিনি বলেন, ‘সিসিটিভির মাধ্যমে প্রথম পর্বে কয়েকজন ছিনতাইকারী শনাক্ত করেছি। যেসব স্থানে এমন হয়েছে তা নির্ধারন করা হয়েছে। এবার তা আরও কমে আসবে। আশা করছি, অনাকাঙ্খাতি কোনো ঘটনা ঘটবে না।’
এ সময় গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অর্থ) ইলতুৎমিসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।