লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ১১:৩৩ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৩ ১২:১৬ পিএম
সিসি ক্যামরা ফুটেজে হামলাকারীরা। প্রবা ফটো
লক্ষ্মীপুরে সিক্স ফার্মারস এগ্রো ফার্ম লিমিটেডের মালিক ব্যারিস্টার রাশেদুল ইসলাম রাজীবকে তুলে নিতে তার কৃষি খামারে অস্ত্রসহ হানা দিয়েছে একদল যুবক। এ সময় তাকে না পেলে খামারের কর্মীদের হত্যা হুমকি দেওয়া অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী এলাকার ব্যবসায়ী নুরনবী ওরফে রড নুরনবী লোকজন নিয়ে সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের ওই খামারটিতে হামলা চালায়।
এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হঠাৎ করে বিকাল বেলায় নুরনবী ও তার ছেলে মামুন ৮ থেকে ১০জন লোক সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ওই খামারে ঢুকে পড়ে। এ সময় খামারে ঢুকে কর্মীদের ঘরে ভাঙচুর ও গরু-ছাগলের গলার রশি কেটে খামার থেকে দেওয়ার চেষ্টা করে তারা। একই সময় ছুরি তাক করে খামারের কর্মীদের হুমকি দিচ্ছে।
সাহেব বাজার পরিচালনা কমিটির সভাপতি রাশেদুল ইসলাম সায়েম বলেন, ‘নুরনবী একদল লোক নিয়ে এসে বাজার বন্ধ করে দেবে বলে হুমকি দিয়ে গেছে। এ সময় তারা বাজারে আতঙ্ক সৃষ্টি করে। এতে শঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা।’
খামারের কর্মী মেহেদি হাসান সোয়েব জানান, তারা খামারে কাজ করছিল। হঠাৎ করে একদল লোক ঢুকে হামলা চালায়। একপর্যায়ে তাদেরকে হত্যার হুমকি দিয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়।
এদিকে অভিযুক্ত নুরনবীর ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি বলেন, ‘রাজীবের কাছে আমি ১২ কোটি টাকা পাবো। শুনেছি সে খামারে এসেছে। এজন্য তাকে তুলে আনতে গেছি, কিন্তু পাইনি। আবারো যাবো, এবার সবার আগে সিসি ক্যামেরা খাবো। মামলা করে কোনো লাভ হবে না।’
সুপ্রীম কোর্টের আইনজীবীও খামারের মালিক ব্যারিস্টার রাশেদুল ইসলাম রাজীব জানান, আমার কাছে কোন টাকা পাবে না। তারা আমাকে রাজনৈতিক কারণে হত্যার উদ্দেশ্যে খামারে এসেছিল। আমি মামলার প্রস্তুতি নিচ্ছি ।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’