মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ২০:৫০ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩ ২১:৩১ পিএম
বৃহস্পতিবার মিঠামইন উপজেলাবাসীর ব্যানারে আনন্দ মিছিল করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। প্রবা ফটো
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলার মরিচখালী পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে আনন্দে ভাসছে হাওরবাসী। এই প্রকল্প বাস্তবায়ন হলে হাওরবাসীর সারা বছরের যোগাযোগের দুয়ার উন্মোচিত হবে। প্রকল্পটি অনুমোদনের পর থেকেই হাওরের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে মিঠামইন উপজেলাবাসীর ব্যানারে আনন্দ মিছিল করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। এর আগে গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে মিঠামইন উড়াল সড়ক প্রকল্প অনুমোদন হওয়ায় খবর পাওয়ার পর থেকেই ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে তাৎক্ষণিক আনন্দ মিছিল করে ওই এলাকার লোকজন। আনন্দ মিছিল থেকে হাওরের কৃতী সন্তান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিককে অভিনন্দন জানানো হয়।
মিঠামইন হাওরের টাকী গ্রামের গৃহবধূ রিপা আক্তার বলেন, ‘আমাদের হাওরে এই সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা অকল্পনীয়। উড়াল সড়ক অনুমোদন হওয়ার খবর শুনে স্বপ্নের মতো লাগছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিককে ধন্যবাদ জানাই।’
বৃহস্পতিবার ক্লাবপাড়া মাঠ থেকে শুরু হওয়া আনন্দ মিছিলটি পুরো উপজেলার গুরুত্বপূর্ণ সব সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে শেষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের চিকনারকান্দি গ্রামের যুবক আবদে মোস্তফা রোমান বলেন, ‘এ উড়াল সড়ক নির্মাণ হলে সারা দেশের সঙ্গে সারা বছর হাওরে যোগাযোগের দুয়ার উন্মোচিত হবে। আমার হাওরবাসী সরকারের প্রতি কৃতজ্ঞ।’
ইটনা উপজেলার ছিলনী গ্রামের বৃদ্ধ কৃষক ফরিদ মিয়া বলেন, ‘উড়াল সড়ক হলে সারা দেশের সঙ্গে হাওরের কৃষকের পণ্যের বাজার সৃষ্টি হবে। এর আগে আমাদের হাওরে অলওয়েদার সড়কে করেছিল আওয়ামী লীগ সরকার। সেই সড়কের জন্যও যোগাযোগে আমাদের হাওরবাসীর অনেক সুযোগ তৈরি হয়েছে।’
এ বিষয়ে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, ‘এটা হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। একনেকে উড়াল সড়ক প্রকল্প অনুমোদন হওয়ার মাধ্যমে বাস্তবায়ন হতে যাচ্ছে। এই উড়াল সড়ক নির্মাণ হলে সারা দেশের সঙ্গে সারা বছর হাওরবাসীর যোগাযোগ সৃষ্টি হবে। এই উড়াল সড়ক প্রকল্প অনুমোদন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’
জানা গেছে, গত ১৭ জানুয়ারি জেলার মিঠামইনে উড়াল সড়কসহ ১১ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৬৮৩ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৭ হাজার ৮২৭ কোটি ৫০ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ২ হাজার ৮৮০ কোটি ১৮ লাখ টাকা ব্যয় করা হবে। প্রকল্পগুলোর মধ্যে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলার মচিখালি পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৬৫১ কোটি ১৩ লাখ টাকা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
এর আগে ২০২০ সালের ৮ অক্টোবর কিশোরগঞ্জ হাওরের তিন উপজেলার মধ্যে সারা বছর চলাচলের জন্য নির্মিত ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। সড়ক ও জনপথ অধিদপ্তর ৮৭৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩০ কিলোমিটার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কটি নির্মাণ করে।