× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলের রাজ্যে ফুল উৎসব

যশোর প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ১৯:২০ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩ ২০:০১ পিএম

গদখালির পানিসারা-হাড়িয়া ফুলবাগান মোড়ে প্রথমবারের মতো শুরু হয়েছে ফুল উৎসব। প্রবা ফটো

গদখালির পানিসারা-হাড়িয়া ফুলবাগান মোড়ে প্রথমবারের মতো শুরু হয়েছে ফুল উৎসব। প্রবা ফটো

ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি সেজেছে বর্ণিল সাজে। ইউনিয়নের পানিসারা-হাড়িয়া ফুলবাগান মোড়ে প্রথমবারের মতো শুরু হয়েছে ফুল উৎসব।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে দৃষ্টিনন্দন গেটে গাঁধা ফুলের মালা কেটে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

ঝিকরগাছা উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. হুসাইন শওকত, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ ফ্লাওয়ার্স সোসাইটির সভাপতি আব্দুর রহিম, ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক, ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশসহ আরও অনেকে।

মেলার প্রতিটি স্টল সাজানো হয়েছে নানা জাতের ফুলগাছ ও ফুল দিয়ে। দর্শনার্থীরা কেউ ফুল ছুয়ে দেখছেন, আবার কেউ প্রিয় মানুষটিকে নিয়ে ফুলের সঙ্গে ছবি তুলছেন। মেলার উদ্বোধনী দিনে অনেকে বন্ধু-বান্ধবী ও সপরিবারে এসেছেন। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষের আগমনে প্রথম দিনেই জমে উঠেছে মেলা।


ফুল উৎসবে আসা মাহমুদা খাতুন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ফুল কার না ভালো লাগে? ফুলের অপার সৌন্দর্য ও ঘ্রাণ মুগ্ধ করে সব বয়সী মানুষকে।’

ফারজানা আক্তার বলেন, ‘এবারই প্রথম ফুল উৎসবে এসেছি। এখানে এসে এত প্রজাতির ফুল একসঙ্গে দেখতে পেয়ে আমি সত্যি মুগ্ধ। এত আনন্দ আমি অনেক দিন পাইনি।’

উৎসবে ফুল চাষি, ব্যবসায়ী ও ফুল সংশ্লিষ্ট সংগঠনগুলো অংশ নিয়েছে। ফুল চাষি ইসমাইল হোসেন বলেন, ‘ফুল ভালোবাসার প্রতীক। যুগযুগ ধরে মানুষ ফুল দিয়ে একে অপরের সঙ্গে মনের ভাব প্রকাশ করে আসছে। সেই ফুল উৎপাদন কেন্দ্র দেশের সর্ববৃহৎ ফুলের রাজধানী গদখালীতে জাঁকজমকপূর্ণ ফুল উৎসব হওয়ায় আমরা খুবই খুশি।’

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, ‘আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশীয় ফুলের সঙ্গে বিদেশি জাতের ফুল এখন দেশের উচ্চবিত্তদের বাগান ও ঘরবাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে শোভা পায়। এতে ফুলপ্রেমী মানুষের মনে বাড়তি আনন্দ দেয়। নামি-দামি অনেক ফুল সাধারণ মানুষের চোখে খুব একটা পড়ে না। তারা এ ফুলগুলোর সোন্দর্য উপভোগ করতেও পারেন না। সেদিক বিবেচনা করেই আমাদের এ আয়োজন, যা দেখতে ভিড় করছে ফুলপ্রেমী মানুষ।’

ঝিকরঘাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ফুলের বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে এ উৎসবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। আমরা আশা করি, এই উৎসবের মাধ্যমে ঝিকরগাছা উপজেলার ফুলের রাজ্য হিসেবে সুখ্যাতি আরও আড়ম্বরপূর্ণ হয়ে উঠবে।’

ঝিকরগাছার গদখালী অঞ্চলে বাণিজ্যিকভাবে ১২শ’ হেক্টার জমিতে ১১ ধরনের ফুল চাষ হয়। এ অঞ্চলে প্রতি বছর সাড়ে তিনশ কোটি টাকার ফুল উৎপাদন হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা