ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ১৭:৩২ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩ ১৮:১৫ পিএম
ভেজাল গুড় কারখানায় অভিযান। প্রবা ফটো
ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের রঙ মিশিয়ে ভেজাল গুড় তৈরির অভিযোগে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা শহরের পৈরতলা এলাকায় সাদেক গুড় ও মিষ্টি কারখানায় এই অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম অভিযান পরিচালনা করেন। এ সময় ১২০ কেজি গুড় জব্দ এবং ক্ষতিকারক কেমিক্যাল ধ্বংস করা হয়।
অভিযান শেষে নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম জানান, দীর্ঘদিন ধরে পৈরতলা এলাকার একটি বাড়িতে কারখানা স্থাপন করে অবৈধভাবে ভেজাল গুড় তৈরি হয়ে আসছিল। এর প্রেক্ষিতে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে এবং কাপড়ের রঙ মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে। এজন্য তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।