বগুড়া অফিস
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ২২:৫৯ পিএম
বগুড়ায় অবৈধভাবে মজুদ করে রাখা সাড়ে চার হাজার টন ধান-চাল জব্দ করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জোয়ানপুরের শিনু এগ্রো ইন্ডাস্ট্রিতে অভিযান চালিয়ে এই ধান-চাল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন।
তিনি জানান, শেরপুর শহরের ব্যবসায়ী শফিকুল ইসলাম শিরু শিনু গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান শিনু এগ্রো অটোমিল ও গুদামটির মালিক। তবে কয়েকদিন আগে এটি ভাড়া নিয়েছে এসিআই কোম্পানি। এখানে এসিআই কোম্পানির ধান-চাল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে ওই মিল ও গুদামে অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন ওই প্রতিষ্ঠানে ২ হাজার ৫৮০ টনের বেশি ধান ও ১ হাজার ৯০০ টন চাল মজুদ পাওয়া যায়। পরে এগুলো জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম আরও জানান, এসিআই কোম্পানির গুদাম ও মিলে পাওয়া ধান-চাল মজুদের কোনো অনুমতি নেই। অবৈধভাবে ধান-চাল মজুদের অভিযোগে কয়েক মাস আগে একই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এরপরও ধান-চাল মজুদ করে রাখায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে জানতে চাইলে এসিআইয়ের বগুড়া অঞ্চলের সিনিয়র কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের ধান ও চাল মজুদের সরকারি অনুমতি আছে। তাৎক্ষণিকভাবে এসব কাগজপত্র তাদের দেখাতে পারিনি। তবে এখন সেসব কাগজ আমাদের হেফাজতে রয়েছে। সেটি তাদের দেখানো হবে।’