চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ২২:০১ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩ ২২:৩০ পিএম
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
তিনি বলেন, সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই উন্নয়নের মাধ্যমে দেশের মানুষ যে সুফল পাচ্ছেন তা বহুল প্রচার করতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় সরকারের উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নিতে হবে।
বুধবার (১৮ জানুযারি) বিকালে চট্টগ্রাম জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে সিটি করপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
এটিএম পেয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনপ্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন। তদ্রুপ কাউন্সিলররা মহামারি কোভিডের সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। পাশাপাশি এলাকার বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। দেশকে এগিয়ে নিতে হলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। তবে দেশে উন্নয়নের জোয়ার হবে।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) শাব্বির ইকবালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, চসিকের প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন ও আফরোজা কালাম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, গোলাম মো. জোবায়ের, জহর লাল হাজারী, ছালেহ আহম্মদ চৌধুরী, নাজমুল হক ডিউক, আবুল হাসনাত মো. বেলাল, নুর মোস্তফা টিনু, মোহাম্মদ শহিদুল আলম, মো. নুরুল আলম, সলিম উল্লাহ বাচ্চু, শাহেদ ইকবাল বাবু, কাজী নুরুল আমীন, মো. মোবারক আলী, শেখ জাফরুল হায়দার চৌধুরী, আতাউল্লাহ চৌধুরী, আব্দুস সালাম মাসুম, মো. মোরশেদ আলী, জেসমিন পারভীন জেসী, তসলিমা বেগম, আনজুমান আরা, রুমকি সেনগুপ্ত, বেগম লুৎফুন্নেসা দোভাষ বেবী প্রমুখ।