সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ২০:৩১ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১৮ জানুয়ারি মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হবে।
রবিবার (১৫ জানুয়ারি) লোক ও কারুশিল্প ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় সভায় ফাউন্ডেশন কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
সভায় জানানো হয়, মেলার উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
দেশের ঐহিত্যবাহী লোক ও কারুশিল্পের নির্দশন সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও পুনরুজ্জীবিত করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য প্রতি বছর এ মেলার আয়োজন করা হয়।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক এস.এম.রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার(গোয়েন্দা) তরিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান অ্যাড.সামছুল ইসলাম ভূইয়া, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম, জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি প্রমুখ।
এসময় স্থানীয় সংসদ সদস্য অতিথিদের নিয়ে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন।
ফাউন্ডেশন কর্তৃপক্ষের দাবি, লোক ও কারুশিল্প যাদুঘর এশিয়ার অন্যতম বৃহত্তর কারুশিল্প যাদুঘর।
ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম জানান, দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে এবারের উৎসব ও মেলায় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কারুশিল্পীদের প্রদর্শনী, লোক জীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়স্কোপ, নাগর দোলা, গ্রামীণ খেলা প্রদর্শন করা হবে। এ বছর কর্মরত কারুশিল্পীদের প্রদর্শনীর ৩২টি স্টলসহ ১০০টি স্টল রয়েছে। এছাড়া থাকবে মুন্সিগঞ্জ ও মৌলভী বাজারের শীতল পাটি, মাগুরা ও ঝিনাইদহের শোলা শিল্প, রাজশাহীর শখের হাড়ি ও মুখোশ।
তিনি জানান, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁয়ের জামদানী, বগুড়ার লোকজ খেলনা, প্রতিদিন সন্ধ্যায় লোকজ মঞ্চে পালাগান, বাউল গান, জারিসারি গান, হাছন রাজার গান, গ্রামীণ খেলা হা-ডু-ডু, কানামাছি অনুষ্ঠিত হবে।
মেলা উপলক্ষে পুরো ফাউন্ডেশন চত্বরকে সাজানো হয়েছে বর্নিল সাজে। দর্শনার্থীদের বিনোদনের জন্য ফাউন্ডেশনের নাগরদোলা ও লেকে নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা করা হয়েছে।