বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৮:২৯ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১৯:৫৩ পিএম
ফাইল ফটো
বরিশালে তরুণকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিয়ে প্রেমিকা সাবিয়া আফরোজ রত্না আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
আফরোজা বাবুগঞ্জের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে পড়তেন। এ ঘটনায় তার কথিত প্রেমিক অন্তরকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) ভোরে ইনস্টিটিউটের ছাত্রাবাস থেকে অফরোজার মরদেহ উদ্ধার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রত্নার সঙ্গে অন্তরের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। তারা দুজন একই ইনস্টিটিউটের শিক্ষার্থী। কয়েকদিন ধরে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। পরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রাবাসের নিজ কক্ষ থেকে রত্না মোবাইল ফোনে অন্তরকে ভিডিও কল করেন। কথা বলার একপর্যায়ে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
ওসি বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্তরের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ভোর রাতে ওই ছাত্রী আত্মহত্যা করেছে। পরে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে শিক্ষক কাউন্সিল সভা করে পরবর্তী ব্যবস্থা নেব।’