হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৫:২৩ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১৫:৩৬ পিএম
সংগৃহীত ছবি
দিনাজপুরের হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা সুকান্ত দাশ এবং দায়িত্বরত আনসার সদস্য আব্দুর গফুরের হাত কেটে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দিয়েছেন দিনার নামের এক ব্যবসায়ী।
এ ঘটনায় ওই ব্যবসায়ীকে অভিযুক্ত করে শনিবার (১৫ জানুয়ারি) রাতে হাকিমপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন রাজস্ব কর্মকর্তা।
এরআগে এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুর ১টা থেকে এক ঘণ্টার কর্মবিরতি পালন করে হিলি কাস্টমস ও শুল্ক স্টেশন। এতে ভোগান্তিতে পড়তে হয় ভারত থেকে আসা যাত্রীদের। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাস্টমসের কার্যক্রম সচল হয়। তবে আমদানি রফতানি কার্যক্রম সচল ছিল।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সুকান্ত দাস বলেন,গতকাল শনিবার দুপুর ১টার দিকে ভারত থেকে আসা দুজন যাত্রী মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তারা কাস্টমসের ব্যাগেজ রুমে প্রবেশ না করে সরাসরি চলে যাচ্ছিলেন। বিষয়টি কর্তব্যরত আনসার সদস্য আব্দুল গফুর দেখে নিষেধ করেন ও বাধা দেন। এসময় দিনার নামের স্থানীয় এক ব্যবসায়ী আনসার সদস্যকে গালিগালাজ করে, ধাক্কা দেয়। আনসার সদস্যের চিৎকারে আমিসহ অফিসে কর্মরত লোকজন এগিয়ে আসলে সে আমাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে ওই দুজন যাত্রী ও মালামাল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। একই সঙ্গে তার মালামালে হাত দিলে কাস্টমসের হাত কেটে ফেলা হবে বলেও হুমকি দেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন,কাস্টমস কর্তৃপক্ষ দিনার নামের একজনকে অভিযুক্ত করে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। ঘটনাটি তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।