রংপুর সিটি নির্বাচন
রংপুর অফিস
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৩:৫৫ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১৪:২৮ পিএম
রংপুর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে আবারও ভোটগ্রহণ চলছে। হোমিওপ্যাথি কলেজ কেন্দ্র থেকে তোলা। ছবি : প্রবা
রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আবারও ভোটগ্রহণ শুরু হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় মোট সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গত বছরের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মো. শাহাজাদা ঠেলাগাড়ি প্রতীকে ও সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীকে ৩ হাজার ১৯৭ ভোট পেয়েছেন। এছাড়া এম এ রাজ্জাক মন্ডল লাটিম প্রতীকে এক হাজার ৮৯২ ভোট পান। তিনজন প্রার্থীর মধ্যে দুজন সমান ভোট পাওয়ায় ওয়ার্ডটিতে সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোটগ্রহণ হচ্ছে।
তিনি বলেন, নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটররাও উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন।
আব্দুল বাতেন বলেন, নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণের লক্ষে আমরা যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছি। ভোটকেন্দ্রসহ নির্বাচনী এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্র থেকেই ফলাফল ঘোষণার পর আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
তিনি বলেন, রংপুর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড গঠিত রবার্টসনগঞ্জ, বাবুপাড়া হেলাল জুট প্রেস, আদর্শপাড়া, রেলওয়ে পূর্ব গেট, নূরপুর, মহাদেবপুর, ঠিকাদারপাড়া ও জেএনসি রোড নিয়ে। এই ওয়ার্ডে মোট ভোটার ১৩ হাজার ৬১৬ জন। এর মধ্যে নারী ভোটার সাত হাজার ১২১ জন এবং পুরুষ ছয় হাজার ৪৯৫ জন। এই ওয়ার্ডে রয়েছে তৃতীয় লিঙ্গের একজন নারী ভোটার।
পুনঃভোট গ্রহণকে কেন্দ্র করে নির্বাচনের পর থেকেই ২৬ নম্বর ওয়ার্ডের পরিস্থিতি উত্তপ্ত ছিল। তিন কাউন্সিলর প্রার্থীই একে অপরের মুখোমুখি অবস্থান নেন। সমান ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে নির্বাচনের সিদ্ধান্ত হলে প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন এমএ রাজ্জাক মন্ডল ও তার সমর্থকরা।
অপর প্রার্থী শাহজাদা আরমানের বিরুদ্ধে হামলা, বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে সাইফুল ইসলাম ফুলু। আবার ফুলুর বিরুদ্ধে এমএ রাজ্জাক মন্ডলকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ তুলেছিলেন রাজ্জাক মন্ডলের সমর্থকরা। ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায় করা হয়।