নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১৩:৫২ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১৪:০৬ পিএম
রবিবার নওগাঁয় শীতবস্ত বিতরণ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: প্রবা
বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার ক্ষেত্র বাড়িয়েছে এবং ভবিষ্যতে এর আওতা আরও বাড়াবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রবিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় নওগাঁর পোরশার গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার ক্ষেত্র বাড়িয়েছে। প্রতিটি ইউনিয়নে এখন ৬/৭ হাজার মানুষ প্রত্যক্ষভাবে সরকারি সুবিধা ভোগ করছে। ভবিষ্যতে সামাজিক নিরাপত্তার আওতা সরকার আরও বাড়াবে।’
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আওতায় নিয়ামতপুর-পোরশা-সাপাহার উপজেলার ২০টি ইউনিয়নে ১০ হাজার পিস কম্বল, ৫ হাজার পিস চাদর ও ১ হাজার সোয়েটার শীতার্তদের মধ্যে বিতরণ করা হবে।
রবিবার নওগাঁয় শীতবস্ত বিতরণ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: প্রবা
খাদ্যমন্ত্রী বলেন, ‘এমন কোনো ক্ষেত্র নাই যেখানে বর্তমান সরকারের অনুদান পৌঁছেনি। উন্নয়ন হয়েছে সব ক্ষেত্রে। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনাকেই দেশের রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।’
গরীব অসহায় মানুষের পাশে সরকার সব সময় ছিল, এখনো আছে, ভবিষতেও থাকবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের জন্য এ কম্বল দিয়েছেন। প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা শীতার্ত মানুষের কাছে এ শীতবস্ত্র পৌঁছে দেবেন।’
এ সময় তিনি সমাজের বিত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘গরীব মানুষ খাদ্যবান্ধব কর্মসূচিতে বিনামূল্যে চাল পাচ্ছে, ওএমএসে স্বল্পমূল্যে চাল ও আটা পাচ্ছে। কৃষকও এখন ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে। শেখ হাসিনা আছেন বলেই কৃষিতে আমরা অনেক উন্নতি করেছি। ধু ধু মাঠে এখন ফসল হয়, আমের বাগানে আম হয়। জমিতে সেচ ও সারের ব্যবস্থা করা হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। মানুষকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা উন্নয়নের পক্ষে থাকবে নাকি আগুন সন্ত্রাসের পক্ষে যাবে।
শীতবস্ত্র বিতরণকালে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জ্বল হোসেন, ত্রিশুলের সভাপতি ও খাদ্যমন্ত্রীর কনিষ্ঠ কন্যা তৃণা মজুমদার ও গাঙ্গুরিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।